সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলায় ঈদ
সংগৃহীত ছবি
দিনাজপুরে এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলার ছয়টি উপজেলায় আগাম পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্থানে আয়োজিত এসব জামাতে কয়েকশ পরিবার অংশ নেয়।
শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে শহর ও আশপাশের এলাকার প্রায় ৩০০ মুসল্লি অংশ নেন। ইমামতি করেন হাফেজ মো. আবু তাহের।
এ ছাড়া চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল, বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা যেমন রাবার ড্যাম, ফতেহজংপুর, জয়নন্দ গ্রাম, ১৩ মাইল, পশ্চিম বনগাঁ জামে মসজিদ, আয়ড়া দাখিল মাদরাসা মাঠ, খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠে পৃথক জামাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দিনাজপুরে ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মুসল্লিদের একটি অংশ ঈদের নামাজ আদায় করে আসছেন।