বরিশালে ৭০ মসজিদে আগাম ঈদের নামাজ

বরিশালে ৭০ মসজিদে আগাম ঈদের নামাজ

সংগৃহীত ছবি

বরিশালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলার বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। জেলায় প্রায় ১০ হাজারের বেশি পরিবার এতে অংশ নেয়।

শুক্রবার বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৭০টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মসজিদটির সভাপতি আমির হোসেন মিঠু।

জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহসূফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ পালন করে থাকেন।

মাওলানা আবু সাইদ বলেন, বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে এবং তা নির্ভরযোগ্য হলে, জ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে মিল থাকলে তারা সেই অনুযায়ী রোজা ও ঈদ পালন করেন।

তিনি আরও জানান, দেশে আড়াইশ বছরের বেশি সময় ধরে এ ধারায় আড়াইশ মসজিদ ও ময়দানে জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং এতে কয়েক লাখ মুসল্লি অংশ নিয়ে থাকেন।