ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে : প্রিন্স

ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে : প্রিন্স

সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ডিএস মাদরাসা মাঠে মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন প্রিন্স।

এর আগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

প্রিন্স বলেন, জুলাই সনদ নিয়ে জামায়াত-এনসিপি জোটের মাঠ গরম করার চেষ্টা কখনোই সফল হবে না, বরং তা বুমেরাং হবে। বিএনপি জুলাই সনদকে অস্বীকার বা অবজ্ঞা করছে না, করবেও না। প্রথম থেকেই অমরা বলে আসছি-বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদ আমরা ধারণ করি এবং বাস্তবায়ন করব। তাই এটি নিয়ে অপপ্রচার ও মাঠ গরম করার চেষ্টা মূলত ষড়যন্ত্রেরই অংশ।

তিনি বলেন, অর্থনৈতিক চাপ ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের দেড় মাসের মধ্যে একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। এতে জামায়াত-এনসিপি জোটসহ স্বার্থান্বেষী মহলের গাত্রদাহ শুরু হয়েছে। নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যা অতীতের আওয়ামী অপকৌশলের পুনরাবৃত্তি।

প্রিন্স জানান, জনগণের সেবাকে কার্যকর করতে খুব শিগগিরই স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান অব্দুল হামিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আশরাফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।