ব্রাহ্মণবাড়িয়ায় মহাষ্টমীর পুণ্যস্নানে তিতাস নদীতে শিশু নিখোঁজ
সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে মহাষ্টমীর পুণ্যস্নান করতে গিয়ে অপর্ণা সূত্রধর (১০) নামে এক শিশু তিতাস নদীর পানিতে তলিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর থেকে নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর্ণা শহরের কলেজ পাড়া এলাকার অমৃত সূত্রধরের মেয়ে। সে খ্রিস্টিয়ান মিশন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
শিশুটির পরিবারিক সূত্র জানায়, মহাষ্টমীর পুণ্যস্নান উপলক্ষে তাদের পরিবারের সদস্যরা শহরতলীর গোকর্ণঘাট তিতাস নদীতে স্নানে যায়। নদীতে নেমে স্নান করার সময় অপর্ণা মুহূর্তেই পানির তীব্র স্রোতে নিচে তলিয়ে যায়। এ সময় তার মা নমিতা সূত্রধর চেষ্টা করেও তার সন্ধান পায়নি।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়েও শিশুটির সন্ধান করতে পারেননি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, ফায়ার সার্ভিস ও ভৈরব থেকে আসা ডুবুরি দল দুপুর থেকে বিকেল ৫ টা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েছে। তবে শিশুটির সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারকাজ চালানো হবে।