ছাত্রদলের উপর শিবিরের হামলার অভিযোগ; প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ছাত্রদলের উপর শিবিরের হামলার অভিযোগ; প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলার অভিযোগে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল বের করে সংগঠনটি। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

জানা যায়, গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করায় ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবির সন্ত্রাসী হামলা করে।

এসময় সংগঠনটির শাখা আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ'সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলে তারা ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘গুপ্ত শিবিরের বিরুদ্ধে ডাইরেক্ট একশান’, ‘শিবিরের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘জামাত-শিবির, গুপ্ত গুপ্ত’, ‘লীগ গেছে যে পথে, শিবির যাবে সেই পথে’, ‘গুপ্তদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শিক্ষা-শিবির, একসাথে চলে না’, ‘শিক্ষা-গুপ্ত, একসাথে চলে না’, ‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেয়।

সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ৫ আগস্টের পর থেকেই অনলাইনে এই গুপ্ত বাহিনী সাধারণ শিক্ষার্থী নাম করে নানাভাবে অনলাইনে আমাদের সম্মানহানির চেষ্টা করে যাচ্ছে। তারা সুশীল সেজে বিভিন্নভাবে মব সৃষ্টি করে, আমাদের কটাক্ষ করে এবং ছোট করে কথা বলে। খোদার কসম করে বলছি, আজ এই মুহূর্ত থেকে  যারা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করবে, ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে কটাক্ষ করবে, তাদেরকে শায়েস্তা করব, করব, করব এবং করব। পৃথিবীর কোনো শক্তি নেই তাদের বাঁচাবে। মাননীয় আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও উদ্দেশ্য করে বলতে চাই, এই বট আইডির বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, ছাত্রদল ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, সর্বোপরি আমাদের গুপ্তদের বিরুদ্ধে অবস্থান থাকতে হবে। শিবিরের ভাইদের বলব, আপনারা ওপেন রাজনীতি করেন। আপনারা  গুপ্তের মতো আর রাজনীতি করবেন না।  যারা বিশ্ববিদ্যালয়ে গুপ্ত পরিচয়ে নামে বেনামে বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি হয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা সতর্ক হয়ে যান।  আমি প্রক্টর স্যারকে চিঠি দিয়েছি, ভিসি স্যারকে জানিয়েছি। আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রীকে উল্টাপল্টা মন্তব্য যারা করে তাদের বিরুদ্ধে আপনারা যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন, কালকে সন্ধ্যা থেকে ছাত্রদল ব্যবস্থা নিবে।