বিশ্বনাথে ঘরে ঘরে ভাইরাল জ্বরের প্রকোপ

বিশ্বনাথে ঘরে ঘরে ভাইরাল জ্বরের প্রকোপ

ফাইল ছবি

সিলেটের বিশ্বনাথে আবহাওয়া পরিবর্তনে প্রকোপ বেড়েছে জ্বরের। ঘরে ঘরে হানা দিচ্ছে এ ভাইরাল জ্বর। আক্রান্ত হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। পরিবারের একজনের জ্বর হলে আক্রান্ত হচ্ছেন অন্যরাও। জ্বরের সঙ্গে কাশি, প্রচণ্ড শরীর ব্যথাসহ নানা উপসর্গ দেখা দিচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসকদের চেম্বারে বেড়েছে আক্রান্ত রোগীদের চাপ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ঈদের পর থেকে প্রতিদিনই ভাইরাল জ্বরে আক্রান্ত রোগী সংখ্যা অস্বাভাবিক বেড়েছে। বহির্বিভাগে প্রতিদিন চার শতাধিক আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অবস্থা বেগতিক হলে ভর্তিও হচ্ছেন অনেকে।

রোগীদের স্বজনরা বলছেন, এ জ্বর সহজে সারে না। ৪-৫ দিন সময় নেয়। এর ভেতরেই রোগীর অবস্থা কাহিল। পরিবারের একজনের দিয়ে শুরু হলেও আক্রান্ত হন অন্যরাও। জ্বরের সঙ্গে সর্দি-কাশি আর শরীর ব্যথা তো আছেই।

এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুনির্মল বিশ্বাস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে ভাইরাল জ্বরের প্রকোপ বেড়েছে। দুই থেকে তিন দিনের জ্বর নিয়ে রোগীরা আসছেন। উপসর্গও প্রায় সমান। ভাইরাল জ্বর সাধারণত নিজে নিজে ভালো হয়ে যায়, কিন্তু কিছু সতর্কতা মেনে চলা খুব জরুরি। বিশেষ করে শিশু, বয়স্ক ও দুর্বল রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত।