হ্যারি পটারে অভিনয় করায় হত্যার হুমকি
ছবি: সংগৃহীত
জনপ্রিয় সিরিজ ‘হ্যারি পটার’-এর নতুন সংস্করণে ‘সেভেরাস স্নেপ’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে বর্ণবাদী আক্রমণ ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন ব্রিটিশ-ঘানায়ান অভিনেতা পাপা এসিয়েদু। ভক্তদের একাংশের এমন উগ্র আচরণের প্রেক্ষিতে অভিনেতা ও সংশ্লিষ্ট কলাকুশলীদের জন্য বিশেষ নিরাপত্তা দল মোতায়েন করেছে এইচবিও কর্তৃপক্ষ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পাপা এসিয়েদু জানান, কাল্পনিক এই চরিত্রে একজন কৃষ্ণাঙ্গ অভিনেতাকে মেনে নিতে না পেরে অনেকে তাকে কাজ ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। সামাজিক মাধ্যমে তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ‘অভিনয় ছাড়ো, নয়তো তোমাকে মেরে ফেলব।’ এমনকি তার বাড়িতে গিয়ে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে।
তবে এসব হুমকি সত্ত্বেও দমে যেতে রাজি নন এসিয়েদু। জানান, ছোটবেলায় হ্যারি পটারের জাদুকরী দুনিয়ায় নিজের মতো কাউকে দেখার যে স্বপ্ন তিনি দেখতেন, বর্তমান প্রজন্মের শিশুদের জন্য সেই উদাহরণ তৈরি করতেই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।