জামালপুরের সরিষাবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় ৫ জনকে পিটিয়ে আহত

জামালপুরের সরিষাবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় ৫ জনকে পিটিয়ে আহত

ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে জমি দক্ষলে বাধা দেওয়ায় এক কৃষক পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী সোবাহান মিয়ার বিরুদ্ধে। রবিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন সুফিয়া বেগম (৬০), রিমা বেগম (২৮), সোহাগ মিয়া (২৮), সাগর মিয়া (২৬) ও সুবেল মিয়া সবুজ। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে এ ঘটনায় রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে সুবেল মিয়া সবুজ পৈতৃক সূত্রে পাওয়া ৩০ শতাংশ ফসলি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। প্রতিবেশী রিয়াদ আলীর ছেলে সোবাহান মিয়া ওই জমি তার বলে বিভিন্ন সময় জোর করে দাবি করে আসছেন। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলমান।

রবিবার বিকেলে সোবাহান মিয়া দলবল নিয়ে ওই জমি দখল করে লাল নিশানা লাগিয়ে দেয়। এসময় সুবেল মিয়া সবুজ দখলে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোবাহান ও তার লোকজন সুবেল মিয়ার ওপর হামলা চালিয়ে মারধর করতে থাকে। এসময় তার ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদেরও মারধর করতে থাকে।

এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া কালের কণ্ঠকে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে। এরপর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।