ভাঙ্গায় বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
ফাইল ছবি
ভাঙ্গায় খোলা বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে কালামৃধা বাজারের আলমগীর বিলুয়া (৬৫) নামক এক ব্যবসায়ী জ্বালানি তেলের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
এ সময় ওই ব্যবসায়ী অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং আইন মেনে ব্যবসা পরিচালনা করার অঙ্গীকার করেছেন। এ সময় অন্যান্য ব্যবসায়ীদেরকেও সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভাঙ্গার সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।