জ্বালানী তেল মজুদ ও পাচার রোধে সীমান্তবর্তী এলাকায় বিজিবির নজরদারি
সংগৃহীত ছবি
লালমনিরহাটে হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত সংলগ্ন এলাকায় জ্বালানী তেল মজুদ ও পাচার প্রতিরোধে ব্যাপক কার্যক্রম চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানী সরবরাহ স্থিতিশীল রাখতে এবং অননুমোদিত মজুদের চেষ্টা রোধে এই অভিযান জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত সংলগ্ন ফিলিং স্টেশন ও ডিলারদের জ্বালানী উত্তোলন ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। সন্দেহভাজন যানবাহনে আকস্মিক তল্লাশি, নিয়মিত মোবাইল টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ পরিবহন রুটে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তেল পাচারের সঙ্গে জড়িত সম্ভাব্য সিন্ডিকেট সনাক্তকরণের জন্য গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনগণের অংশগ্রহণে সচেতনতামূলক সভা আয়োজন করে জনগণকে অবৈধ তেল মজুদ ও পাচার থেকে বিরত রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে।
বিজিবি জানায়, দেশের জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।