ঢাকার কেরানীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
সংগ্রহীত ছবি
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, শিশু খাদ্য ও প্রসাধনী জব্দ করে প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।
বুধবার (১ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার জুয়াইল ও আটিবাজার এলাকায় র্যাব-১০-এর সহায়তায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
র্যাব জানায়, অভিযানে অনুমোদনবিহীন, নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, শিশু খাদ্য ও প্রসাধনী উৎপাদন ও বিক্রির দায়ে জুয়াইল এলাকায় ফিরোজা বেগমকে ১ লাখ টাকা এবং আটিবাজার এলাকায় মো. সাইদ হোসেনকে ২ লাখ টাকাসহ মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সাইদ হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, শিশু খাদ্য ও প্রসাধনী জব্দ করে প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।
র্যাব আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও ভেজাল পণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি করে আসছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।