চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদাবাজির জেরে সংঘর্ষ, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদাবাজির জেরে সংঘর্ষ, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

সংগ্রহীত ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. মাসুদ কালা নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর দলের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কৃত মো. মাসুদ কালা (৩২) করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদে ছিলেন।

বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসএম আরিফ মাইন উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মো. মাসুদ কালাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

মূলত উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ ও সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরীর সিদ্ধান্ত অনুযায়ী এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিসে গাড়িতে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হন। ওই ঘটনার জেরে মঙ্গলবার রাতে দস্যুতার একটি মামলায় মো. মাসুদ কালাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী জানান, মো. মাসুদ কালার বিরুদ্ধে একাধিক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশে তাকে দল ও দলের সব ধরনের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।