মহেশখালীতে ম্যানগ্রোভ বন উজাড়: ৩০ জনের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া ও ঘটিভাঙ্গা এলাকায় প্রায় ৫ হাজার একর ম্যানগ্রোভ প্যারাবন দখল ও উজাড়ের ঘটনায় ৫০০ কোটি টাকার পরিবেশগত ক্ষতির অভিযোগে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। এ ঘটনায় যৌথ অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন বিভাগের ঘটিভাঙ্গা বিট কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) বিভাষ কুমার মালাকার বাদী হয়ে ২ এপ্রিল রাতে মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন। এতে চকরিয়া উপজেলার দুলাহাজারা এলাকার মুবিনুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে।
মামলায় কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল ও ঘটিভাঙ্গা এলাকার বর্তমান ইউপি সদস্য ছিদ্দিক রিমনসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগসহ যৌথ বাহিনী সোনাদিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা চিংড়ি ঘেরের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে। এ সময় কিছু শ্রমিকের ঝুপড়ি ঘর ভেঙে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সোনাদিয়া ও ঘটিভাঙ্গা এলাকায় বনভূমি দখল, গাছ কাটা এবং চিংড়ি ঘের ও লবণ মাঠ স্থাপন করে আসছিল। এতে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, ম্যানগ্রোভ বন রক্ষায় বন বিভাগের সঙ্গে সমন্বয়ে বৃহৎ পরিসরে অভিযান পরিচালনা করা হবে।