যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান মাহাথির মোহাম্মদের
ড. মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা জানান। তিনি বলেন, যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ আলোচনা বা সংলাপই এ ধরনের সংকট সমাধানের সর্বোত্তম উপায়।
তার মতে, যুদ্ধ আসলে এক ধরনের গণহত্যা, যা কোনো সমস্যার গ্রহণযোগ্য সমাধান হতে পারে না। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমি সবসময় যুদ্ধের বিরোধিতা করি। কোনো সমস্যার সমাধান হিসেবে মানুষের প্রাণ নেওয়াকে আমি কখনোই মেনে নিতে পারি না। অথচ যুদ্ধ মানেই মানুষ হত্যা বৃহৎ পরিসরে গণহত্যা।
তিনি আরও বলেন, এটা ভাবাই কঠিন যে, মানুষ এখনো কীভাবে যুদ্ধকে রাষ্ট্রগুলোর মধ্যকার সংঘাতের সমাধান হিসেবে গ্রহণ করে।
ড. মাহাথির বলেন, সংঘাতে জড়িত পরাশক্তিগুলোর উচিত এমন সমাধানের পথ খোঁজা, যা কম প্রাণহানি ও কম ধ্বংস ডেকে আনে। যখন সমস্যার অন্য সমাধান আছে, তখন কেন সেগুলো ব্যবহার করা হবে না? এমন উপায় রয়েছে যা কম প্রাণহানি ঘটায়, কম ক্ষতি করে এবং ব্যয়ও অনেক কম।
তিনি উল্লেখ করেন, মানুষের চিন্তা করার ক্ষমতা রয়েছে, এবং সেই ক্ষমতা কাজে লাগিয়ে বিকল্প পথ বেছে নেওয়া সম্ভব। এসব বিকল্পের মধ্যে রয়েছে সংলাপ, মধ্যস্থতা (তৃতীয় পক্ষের সালিশ) এবং আদালতের আশ্রয় নেওয়া।