মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি

সংগৃহীত

মাদারীপুরে পাহারাদারকে জিম্মি করে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের আঘাতে একজন আহত হয়েছেন। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

শনিবার (১৮ এপ্রিল) ভোরে সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। ভোরে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে। পরে তাকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

এরপর প্রথমে সেখানকার নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে সংঘবদ্ধ চক্রটি। পরে পাশের আরও পাঁচটি দোকান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্দুকও নিয়ে যায় ডাকাতরা। এতে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘স্বর্ণের দোকানের মালামাল খোয়া যাওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’