রমেক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব

রমেক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব

সংগৃহীত ছবি

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) হামের চিকিৎসাসহ সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুজুর আলী।

শনিবার সকালে হাসপাতালটি পরিদর্শনকালে তিনি চিকিৎসাসেবার বর্তমান অবস্থা ঘুরে দেখেন। চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তিনি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন।

মো. হুজুর আলী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম পুরাতন হাসপাতাল হলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়নি। ৬০০ বেডের হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি। যে কারণে কর্তৃপক্ষ রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। এছাড়া এক হাজার শয্যার হাসপাতালে বর্তমানে আড়াই হাজার রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। ফলে জনবল না থাকায় স্বাস্থসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ রয়েছে।

তিনি আরও বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার, হৃদরোগ, কিডনী বিভাগ তৈরি হচ্ছে। অবকাঠামোগুলো আমি পরিদর্শন করেছি। এসব অবকাঠামো তৈরির সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতালসহ অন্য হাসপাতালগুলোতে জনবল নিয়োগের মাধ্যমে সংকট দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন অতিরিক্ত সচিব।

এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শরিফুল ইসলাম নন্তুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।