সোনারগাঁয়ে ৫ চুনা কারখানা গুড়িয়ে দিল প্রশাসন

সোনারগাঁয়ে ৫ চুনা কারখানা গুড়িয়ে দিল প্রশাসন

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত ৫টি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) দিনব্যাপী সোনারগাঁ পৌরসভা ও পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তা-কর্মচারী এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। এছাড়া ফায়ার সার্ভিসের একটি দলও অভিযানে সহায়তা করে।

অভিযান চলাকালে পিরোজপুর এলাকার হিরাঝিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে মালিক আল আমিনকে ২৫ হাজার টাকা এবং তার চাচা দুলাল মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের মুজাফ্ফর আলী ফাউন্ডেশনের পাশে দুটি, সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় দুটি এবং দৌলরবাগ এলাকায় একটি চুনা কারখানা দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে আসছিল। এসব কারখানায় প্রতিদিন প্রায় ৫৬ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহৃত হচ্ছিল, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

এর আগে একাধিকবার তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলেও, পরদিনই পুনরায় অবৈধভাবে সংযোগ নিয়ে কার্যক্রম চালু করা হতো। সর্বশেষ অভিযানে কারখানাগুলোর ভাট্টি গুড়িয়ে দেওয়া হয় এবং প্রায় সাড়ে ১১শ ফুট পাইপ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার নিয়মিত রাজস্ব হারাচ্ছে। অভিযানের সময় কারখানার মালিকরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।