নারায়ণগঞ্জে ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

নারায়ণগঞ্জে ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে প্রায় ৮৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার ৩৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। 

রবিবার (৫ এপ্রিল) এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়।

অভিযান চলাকালে চালক ও হেল্পারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং কাভার্ড ভ্যানটিও ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।