হেরেই চলেছে রিশাদের রাওয়ালপিন্ডিজ
সংগৃহীত
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সোমবার (৬ এপ্রিল) রাওয়ালপিন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মুলতান সুলতান্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট-বল দুই বিভাগেই দাপট দেখিয়েছে মুলতান, আর হতাশাজনক পারফরম্যান্স করেছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাওয়ালপিন্ডিজ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মাঝের দিকে কামরান গুলাম ও ড্যারিল মিচেলের ছোট ছোট ইনিংসে স্কোর এগোয়।
শেষ দিকে স্যাম বিলিংসের ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় দলটি। ৩৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন বিলিংস, আর ডিয়ান ফররেস্টার যোগ করেন ১১ বলে ২৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান তোলে রাওয়ালপিন্ডিজ। মুলতানের হয়ে ফয়সাল আকরাম নেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই স্টিভেন স্মিথকে হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় মুলতান। ওপেনার সাহিবজাদা ফারহান ও জশ ফিলিপে জুটি গড়ে দলকে এগিয়ে নেন। দুজনেই অর্ধশতক তুলে নেন—ফারহান ৩৮ বলে ৬৮ এবং ফিলিপে ৩০ বলে ৫৬ রান করেন। তাদের বিদায়ের পর শান মাসুদ ও অধিনায়ক অ্যাশটন টার্নার সহজেই দলকে জয়ের পথে নিয়ে যান। ২২ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে মুলতান।
বল হাতে রাওয়ালপিন্ডিজের হয়ে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন রিশাদ হোসেন। ৩ ওভারে ৪৬ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। ব্যাট হাতেও অবদান রাখতে ব্যর্থ হয়ে ৩ বলে মাত্র ১ রান করেন। টানা চতুর্থ হারে পয়েন্ট টেবিলে চাপে পড়েছে রাওয়ালপিন্ডিজ।