ঋণের চাপে কামরাঙ্গীচরে ব্যবসায়ীর আত্মহত্যা
প্রতিকি ছবি
রাজধানীর কামরাঙ্গীচরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে রুহুল আমিন শেখ (২৬) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কামরাঙ্গীচর থানার আলীনগর এলাকার মুক্তিযোদ্ধা শামসুল মিয়ার বাড়ির পঞ্চম তলায় ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রুহুল আমিন শরীয়তপুরের জাজিরা উপজেলার মৃধাকান্দি গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।
কামরাঙ্গীচর থানার এসআই জিহাদ মাহমুদ নাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসার জন্য রুহুল আমিন ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে ওই ঋণ পরিশোধ করার কথা ছিল। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ীর কাছেও তাঁর দেনা ছিল। ব্যবসায় মন্দার কারণে তিনি সময়মতো ঋণের কিস্তি ও দেনা পরিশোধ করতে পারছিলেন না। এতে পাওনাদারদের চাপও ছিল।
পুলিশ জানায়, ঘটনার প্রায় এক সপ্তাহ আগে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। ঘটনার সময় তাঁর ভাইও বাসায় ছিলেন না। পরে স্বজনরা বাসায় গিয়ে রুহুল আমিনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই জিহাদ মাহমুদ নাহিদ।