রাজধানীর হোটেলে সিঁড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর হোটেলে সিঁড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

রাজধানীর মতিঝিল এলাকায় একটি আবাসিক হোটেলে ইমরান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, মতিঝিলের গ্রিনল্যান্ড আবাসিক হোটেলে অবস্থানরত ইমরান হঠাৎ সিঁড়ি থেকে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে হোটেলের কর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান খুলনা জেলার খানজাহান আলী উপজেলার মৃত জলিল মোড়লের ছেলে।

হোটেলের কর্মী জাহিদ জানান, ইমরান মঙ্গলবার হোটেলে উঠেছিলেন। বুধবার সকালে তাকে সিঁড়িতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।