চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর
ফাইল ছবি
চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের বন্দর থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বেপরোয়া গতির কারণে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিয়া নগরীর হাজেরা তজু ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা মো. আবু তালেব পাটোয়ারি ও মা নাসিমা সুলতানা।
বন্দর থানার ওসি আবদুর রহিম জানান, বৃহস্পতিবার বিকেলে বেপরোয়া গতির কারণে প্রাইভেট কারটি দুর্ঘটনায় পড়ে। এতে সামিয়া জাহান গুরুতর আহত হন। পরে তাঁকে ও প্রাইভেট কারের চালক সাইদুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিয়াকে মৃত ঘোষণা করেন। চালক বর্তমানে চমেকে চিকিৎসাধীন। সামিয়া কেন ওই যুবকের সঙ্গে ছিলেন, তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের মামা গিয়াস উদ্দিন শিকদার জানান, সামিয়া পরীক্ষা দিতে সেদিন কলেজে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে পতেঙ্গা এলাকায় নেওয়া হয়। তবে গাড়ির চালককে তাঁদের পরিবারের কেউ চেনেন না। বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা দুর্ঘটনার খবর পান।