ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি

ফরিদপুরে বিধবা এক নারীকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুজন শেখ। গত বুধবার ভুক্তভোগী নারী বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

 

গতকাল র‌্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য দেন। তিনি বলেন, গত ২ এপ্রিল ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সকাল ৯টার দিকে সুজন শেখ ভুক্তভোগী নারীকে ফরিদপুরের কোতোয়ালি থানার গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। পরে সেখানে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা ভুক্তভোগী নারীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

র‌্যাব কর্মকর্তা বলেন, এ ঘটনায় মামলার পর গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। এর ধারাবাহিকতায় গতকাল বিকেলে রাজধানীর হাজারীবাগ থানার রানী কটেজ এলাকায় অভিযান চালিয়ে সুজন শেখকে গ্রেপ্তার করা হয়।