কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: মেয়র ডা. শাহাদাত
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোলোরেক্টাল ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্ক্রিনিং অত্যন্ত জরুরি।
শনিবার ‘কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস’ এর সমাপনী উপলক্ষে চসিকের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিটি করপোরেশনের উদ্যোগে এত বৃহৎ পরিসরে সমন্বিত কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, যা জনস্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কর্মসূচির আওতায় কোলোনোস্কপি ও স্টুল অকাল্ট ব্লাড টেস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় সিএসসিআর হাসপাতালে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় প্রদান করা হচ্ছে। যা সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রতীকী ‘ব্লু মার্চ’ আলোকসজ্জার মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণে সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত হচ্চে বলেও জানান মেয়র।
মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের লক্ষ্য চট্টগ্রামকে হেলদি সিটি হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার নিশ্চিত করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে।
নাগরিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আসুন, আমরা সবাই সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি, কারণ প্রাথমিক শনাক্তকরণই জীবন বাঁচায়।’
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, সিএসসিআর (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরশেদুল করিম চৌধুরী, পিজিএস অ্যাকাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ. কে. আজাদ, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, সিএসসিআর-এর ডায়াগনস্টিক পরিচালক অধ্যাপক ডা. এম এ কাসেম, পিজিএস অ্যাকাডেমিয়ার সাধারণ সম্পাদক ডা. মো. আহসানুল আবেদীন, পিজিএস অ্যাকাডেমিয়ার কনসালটেন্ট ডা. সাইফুল ইসলাম রাজু, সিএসসিআর-এর সিইও ডা. সালাউদ্দীন মাহমুদ।