হাতিয়ায় ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪
প্রতিকি ছবি
নোয়াখালী হাতিয়ায় ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১১ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে হাতিয়া থানার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান চালায় হাতিয়া কোস্ট গার্ড স্টেশন। অভিযানে ওই এলাকায় বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা ৪ হাজার ৮ শত লিটার পেট্রোল, ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সব পরিবহন কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত জ্বালানি তেলে আনুমানিক মূল্য ৭ লাখ ৯১ হাজার টাকা।
জব্দকৃত অবৈধ জ্বালানি তেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।