সিলেটে পাথরবোঝাই ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু
ফাইল ছবি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথরবোঝাই ট্রাক্টর উল্টে সোহান মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর চালক গুরুতর আহত হয়েছেন।
রবিবার সকাল ৬টার দিকে উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান মিয়া পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আব্দুন নুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জের দয়ারবাজার এলাকার ধলাই নদীর পাড় থেকে ‘সাদাপাথর’ বোঝাই করে আসার সময় কলাবাড়ি মাদ্রাসার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের শ্রমিক সোহান মিয়া চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত হন ট্রাক্টর চালক আলীম উদ্দিন (২০)। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।