নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সংগৃহীত ছবি

নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই আন্দোলনকারীকে গুলি করে হত্যার মামলার আসামি নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফ হোসেনের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় গুলিতে সুমন ও শাওন নামে দুই আন্দোলনকারী নিহত হন। এছাড়া ১৯ জুলাই আনন্দী চৌরাস্তা এলাকায় হামলায় ছাত্রদল নেতা শান্ত নিহত হওয়ার ঘটনাতেও সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, চেয়ারম্যান আরিফ হোসেন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিকের ঘনিষ্ঠ আত্মীয়। তার ছত্রছায়ায় থেকেই তিনি নির্বাচিত হন এবং পরবর্তীতে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও সমাজসেবক নাছির উদ্দিন, বিএনপি নেতা মো. ইলিয়াছ, মো. জহিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এলাকাবাসীর দাবি, হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও আরিফ হোসেন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় তাকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে আরিফ হোসেনকে গ্রেফতার করে নিহত সুমন, শাওন ও শান্ত হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।