বিকেলে সালিশ, রাতে ওত পেতে ভাইকে ছুরিকাঘাতে হত্যা

বিকেলে সালিশ, রাতে ওত পেতে ভাইকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিকি ছবি

পটুয়াখালীর গলাচিপায় সালিশের জের ধরে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহীদুল্লাহ মোল্লা (৪৭) একই এলাকার মোতাহার মোল্লার ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ভাইয়ের ছেলে দুলাল মোল্লাকে (৩৫) আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাচারিকান্দা বাজারে স্থানীয় ইউপি সদস্য মিজানুর দেওয়ানের কার্যালয়ে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একটি সালিশ বৈঠক বসে। এতে দুলাল মোল্লা, তার বাবা কাঞ্চন মোল্লা এবং চাচাতো ভাই শহীদুল্লাহ মোল্লা উপস্থিত ছিলেন। সালিশে শহীদুল্লাহ মোল্লা দুলালের বাবার বিপক্ষে কথা বলায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বৈঠক শেষে সবাই বাড়িতে ফিরে গেলেও ক্ষোভ থেকে যায় দুলালের মনে।

রাত ১১টার দিকে দুলাল মোল্লা একটি ছুরি নিয়ে বাড়ির পথে রাস্তায় ওত পেতে থাকেন। পরে শহীদুল্লাহ মোল্লা বাড়িতে ঢোকার সময় পেছন থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন দুলাল মোল্লাকে আটক করে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বুধবার সকালে গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।