প্রচন্ড গরমে পাতে রাখুন ঝিঙে আলু পোস্ত
ছবিঃ সংগৃহীত।
গরমের দিনে ভারী ও তেল-ঝালযুক্ত খাবারের বদলে হালকা, সহজপাচ্য কিছু খেতে ইচ্ছা করে। বিশেষ করে দুপুরে ভাতের সঙ্গে এমন কোনো পদ থাকলে তৃপ্তি মেলে।ঝিঙে এই মৌসুমের একটি জনপ্রিয় সবজি, যা পানিতে ভরপুর এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এর সঙ্গে আলু ও পোস্ত মিলে তৈরি হয় একদম ঘরোয়া, হালকা স্বাদের একটি পদ - ঝিঙে-আলু পোস্ত।
কম উপকরণে অল্প সময়েই তৈরি করা যায় এই মজাদার রান্নাটি।
উপকরণ
১. ঝিঙে ৩-৪টি (টুকরা করা)
২. আলু ১-২টি (টুকরা করে কাটা)
৩. পোস্ত বাটা ৩ টেবিল চামচ
৪. পিঁয়াজ কুচি ১টি
৫. কাঁচামরিচ ২-৩টি
৬. হলুদ গুঁড়া সামান্য
৭. লবণ স্বাদমতো
৮. সরিষার তেল ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে পিঁয়াজ কুচি ও কাঁচামরিচ ভেজে নিন। এরপর আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিন, যাতে হালকা সোনালি হয়।
তারপর ঝিঙে দিয়ে নেড়ে দিন। ঝিঙে থেকে পানি বের হবে, তাই আলাদা করে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার হলুদ ও লবণ দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না হতে দিন। হলুদ না দিলেও সমস্যা নেই।
ঝিঙে ও আলু প্রায় সেদ্ধ হয়ে এলে পোস্ত বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিন। কিছুক্ষণ রান্না করে তরকারি মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। গরমের দিনে এই হালকা ও স্বস্তিদায়ক পদ খেতে বেশ ভালো লাগে।