বসতবাড়িতে অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রল, গ্রেপ্তার ৩

বসতবাড়িতে অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রল, গ্রেপ্তার ৩

সংগৃহীত ছবি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বসতবাড়িতে অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার পেট্রলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলী বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকার চাপরাশি বাড়ির মো. শাহজাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯), একই ওয়ার্ডের মানিক হুজুর বাড়ির জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) ও নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর এলাকার পন্ডিত বাড়ির মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।

ডিবি পুলিশ গোপন সূত্রে জানতে পারে জেলা শহরের লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলীর বাড়ির আবুল খায়েরের বসভিটায় অবৈধভাবে পেট্রল মজুদ করে রাখা হয়েছে। পরবর্তীতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১২০০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। একই সঙ্গে সেখানে এ তেল পরিবহনের কাজে একটি পিকআপও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

পরে অবৈধভাবে তেল মজুদ রাখার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মহিনউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রল মজুদ করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধারকৃত পেট্রল ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।