শ্রীপুরে শিলাবৃষ্টিতে ৩০০ হেক্টর জমির বোরো ধান নষ্ট
সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার ৮০০ টন ধান বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে হওয়া প্রায় আধা ঘণ্টাব্যাপী এ তীব্র ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার অনেক আধাপাকা ঘরবাড়ি ভেঙে অনেকেই গৃহহীন হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা, বেইলদিয়া ও নান্দিয়া সাঙ্গুন গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে ধান মাটিতে লুটিয়ে পড়েছে। ঝড়ে প্রায় ৪০০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত ৪০টি পরিবারের ঘরবাড়ির চাল উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হয়েছেন ক্ষতিগ্রস্তরা। ঝড়ে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, ঝড়ের পর থেকেই কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন। তিনটি গ্রামের প্রায় ৩০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার উৎপাদন প্রায় এক হাজার ৮০০ টন। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের জন্য ঢেউটিনসহ ঘর নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, তিনটি গ্রামের প্রায় প্রতিটি কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি। সংশ্লিষ্ট সব দপ্তরকে দ্রুত তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হবে।