ফরিদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার মানিকদহ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সদরুল আলম সিয়াম।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মানিকদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কর্তন ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় এলাকায় ভেকু মেশিন ব্যবহার করে ফসলি জমির মাটির উপরিভাগ অবৈধভাবে কর্তনের অপরাধে ওই এলাকার বাসিন্দা আ. কুদ্দুস শরীফের ছেলে মো. মিনাল শরীফকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সদরুল আলম সিয়াম বলেন, পরিবেশ সুরক্ষা ও অবৈধভাবে মাটি কর্তন ও বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।