ইপিএলকে 'মিনি লিগ' মনে হচ্ছে লিভারপুল কোচ স্লটের
সংগৃহীত ছবি
সময়টা ভালো যাচ্ছে না লিভারপুলের। চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হেরে ব্যাকফুটে আর্নে স্লটের দল। এর মধ্যেই রবিবার এভারটনের নতুন স্টেডিয়াম হিল ডিকিনসনে প্রথমবার খেলতে যাচ্ছে লিভারপুল।
লিভারপুল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন। অথচ চলতি মৌসুমে তারা শিরোপার রেসে নেই। লিগের পঞ্চম অবস্থান তাদের। আপাতত চ্যাম্পিয়নস লিগের জন্য নিজেদের টিকিয়ে রাখাই একমাত্র লক্ষ্য লিভারপুলের। শীর্ষে থাকা আর্সেনাল থেকে ১৮ পয়েন্ট পিছিয়ে থাকা লিভারপুল বস জানিয়েছেন, লিগে তাদের লক্ষ্য এখন আর্সেনাল নয়। বরং টেবিলের আশেপশে থাকা দলগুলো।
শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্লট বলেন, এটি এখন একটি মিনি-লিগের মতো মনে হচ্ছে। প্রতিটি দলই এখন তাদের আশেপাশের দলগুলোর দিকে মনোনিবেশ করছে। আমাদের লক্ষ্য এখন আর্সেনাল নয়, বরং টেবিলের আমাদের আশেপাশে থাকা দলগুলো। আমাদের প্রধান মনোযোগ এখন হাতের প্রথম ম্যাচটির দিকে, আর সেটি হলো এভারটন।
লিগে টেবিলের পঞ্চম স্থানে থাকা লিভারপুল বর্তমানে শীর্ষ চার থেকে তিন পয়েন্ট দূরে রয়েছে। স্লট স্বীকার করেছেন রবিবারের ম্যাচে ভুল করার সুযোগ তাদের নেই। তিনি বলেন, আমরা ম্যানসিটি বা পিএসজির কাছে হারতে চাইনি। আমাদের লক্ষ্য সবসময়ই জেতা। আপনি যখন কোনো ম্যাচে খেলতে নামবেন, তখন চাইবেন না কোনো ভুল করতে।
প্রতিপক্ষ এভারটন নিয়ে তিনি বলেন, তারা (এভারটন) এই মুহূর্তে খুব ভালো অবস্থানে। এই বিশেষ ম্যাচে তারা হয়তো আরও ১ বা ২ শতাংশ বেশি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এটি তাদের জন্য সবসময়ই বিশেষ এক ম্যাচ, আমাদের জন্যও তাই।