অ্যাশেজের কনসার্ট বাতিল
ফাইল ফটো
আজ রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিতব্য জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের কনসার্টটি বাতিল হয়েছে। সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান।
গতকাল শুক্রবার এক ফেসবুক পোস্টে জুনায়েদ ইভান লেখেন, ‘১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অ্যাশেজ কনসার্ট করছে না। আয়োজকরা জানিয়েছে, অ্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট।’
কনসার্ট বাতিলের কারণ ব্যাখ্যা করে গায়ক লিখেছেন, ‘জায়গাটাও ছোট। প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে—রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস্যা হবে। আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও। কোনো উত্তাল সমুদ্র রাতে!’
গতকাল ১৭ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ১২টি কনসার্ট করেছে অ্যাশেজ। আগামী জুনে কয়েকটি দেশে কনসার্ট করার কথা রয়েছে ব্যান্ডটির।