মহাদেবপুরে লাঠিয়ালদের কসরত, উৎসবে মাতলো হাজারো মানুষ

মহাদেবপুরে লাঠিয়ালদের কসরত, উৎসবে মাতলো হাজারো মানুষ

সংগৃহীত ছবি

নওগাঁর মহাদেবপুরে পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। বংশপরম্পরায় চলে আসা এই শৌর্য-বীর্যের খেলায় মেতে ওঠে চারটি দল। লাঠিয়ালদের কসরত আর ঢাক-ঢোলের শব্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। 

গতকাল শনিবার বিকালে উপজেলার সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়দের উদ্যোগে এই বর্ণিল উৎসবের আয়োজন করা হয়। খেলাটি দেখতে মাঠের চারপাশে ভিড় জমান সব বয়সের কয়েক হাজার মানুষ। লাঠিখেলাকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে বসে এক প্রাণবন্ত গ্রামীণ মেলা, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়।

এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। সভাপতিত্ব করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। 

হারিয়ে যেতে বসা এই খেলাকে আবারও মানুষের সামনে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। খেলায় খেলোয়াড়রা রঙিন পোশাকে লাঠির নানা কসরত ও নান্দনিক ভঙ্গিমা প্রদর্শন করেন। ঢোল ও কাঁসার তালে তালে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

নওহাটা গ্রামের মিজানুর রহমান বলেন, লাঠিখেলা এখন প্রায় বিলুপ্তির পথে। যুব সমাজও এখন খেলাবিমুখ হয়ে মোবাইল ও মাদকে আসক্ত হয়ে পড়েছে। শরীর ও মন সুস্থ রাখতে এবং যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী রাখতে এসব আয়োজনের বিকল্প নাই। 

কুশলবাড়ি গ্রামের খেলোয়াড় দলনেতা বাবুল বলেন, আশির দশক থেকে দল গঠন করে খেলা করা হচ্ছে। সে সময় বিভিন্ন গ্রাম থেকে খেলার ডাক আসত। কিন্তু বর্তমানে বিভিন্ন কর্মব্যস্ততায় খেলোয়াড়দের সংখ্যা কমেছে। হারিয়ে যেতে বসেছে এ খেলা। তারপরও ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, গ্রামীণ খেলা সম্পর্কে বর্তমান প্রজন্ম জানুক ও দেখুক। সুস্থ ধারায় নতুন প্রজন্ম বেড়ে উঠুক। 

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু ও খাইরুল আলম গোল্ডন, ভীমপুর ইউনিয়নের চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্রসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।