রংপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত
ফাইল ছবি
রংপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় জুয়েল হোসেন (৪০) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।
রবিবার সকালে নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল হোসেন নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন এবং বর্তমানে আদর্শপাড়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুয়েল হোসেন মোটরসাইকেলযোগে টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় চলন্ত অবস্থায় তার মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে পড়ে যায়। ঠিক তখনই একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আজাদ রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।