গুজবে কান না দিয়ে আপনার সন্তানকে টিকা দিন: পানিসম্পদ প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গুজবে কান দেবেন না। মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে আপনার সন্তানকে টিকা দিন। শিশুদের জীবনরক্ষায় সরকার জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (২০ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ১৮টি জেলার ৩০টি উপজেলায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে দ্রুত হারে হাম ছড়িয়ে পড়ছে। পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তদের মধ্যে ৮১ শতাংশ পাঁচ বছরের কম বয়সী শিশু এবং ৩৪ শতাংশ নয় মাস বয়সী।
তিনি আরও বলেন, সরকার কোনো ধরনের ‘ব্লেম গেমে’ না গিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে এমআর (হাম-রুবেলা) ভ্যাকসিন এবং ভিটামিন-এ কার্যক্রম আরও জোরদার করে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে।
তিনি জানান, নিয়মিত টিকাদানে ঘাটতি থাকলে রোগ আরও ছড়িয়ে পড়তে পারে। যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে দেশের প্রায় ৫৬টি জেলায় হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এ কারণে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে।
অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিশুর শরীরে র্যাশ, বমি বা চোখ লাল হওয়া হামের সাধারণ উপসর্গ। এসব লক্ষণ দেখা দিলে গ্রামীণ চিকিৎসকের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, পঞ্চগড়ে এই ক্যাম্পেইনে মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রয়োজনে আরও টিকা সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, পঞ্চগড়ে এখনো হামের রোগী শনাক্ত না হলেও আগাম প্রস্তুতি হিসেবে এই কর্মসূচি শুরু করা হয়েছে। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।