অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক
প্রতিকি ছবি
কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল সোমবার রাতে কক্সবাজার শহরের শহীদ সরণির জলিলের দোকান মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. একরাম হোসেন ও তার স্ত্রী রুমা আক্তার। তাদের আদি নিবাস চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, অ্যাম্বুলেন্সযোগে মাদকের একটি চালান পাচার হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে রাতে কক্সবাজার শহরের শহীদ সরণি জলিলের দোকান মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জেলা সদর হাসপাতালের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। চালক দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া করে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়।
তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে। আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা