মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ম্যাগনেট বাবু’ গ্রেফতার

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ম্যাগনেট বাবু’ গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবুকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব-২।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের চরওয়াশপুর এলাকায় অভিযান চালিয়ে আরও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এসব তথ্য জানান।

তিনি জানান, বুধবার মধ্যরাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে, ম্যাগনেট বাবু একটি মাইক্রোবাসে মাদক সরবরাহের উদ্দেশ্যে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা মোড়ের দিকে বসিলা রোড দিয়ে যাবেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বসিলা রোডে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে।

একপর্যায়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি করা হয়। গাড়িচালকের কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের পরিচয় ম্যাগনেট বাবু হিসেবে জানান। পরে বিশেষ সতর্কতায় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন চরওয়াশপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার বাবু রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস ও অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে র‌্যাব জানিয়েছে।

মেজর মুবীন রহমান তাপস আরও জানান, বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবুর বিরুদ্ধে ডিএমপির কাফরুল থানায় দস্যুতা মামলা রয়েছে। এছাড়া চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর মামলাতেও তিনি অভিযুক্ত। তার বিরুদ্ধে জব্দ করা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।