শ্রীনগর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে চুরি: ল্যাপটপ উদ্ধার

শ্রীনগর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে চুরি: ল্যাপটপ উদ্ধার

প্রতিকি ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে চুরি হওয়া সরকারি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ঠিকাদার মিজানকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম সহকারী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে কার্যালয় ছেড়ে যান। এর কয়েক মিনিট পর অফিসে অবস্থানরত ঠিকাদার মিজান দুইটি কক্ষ অতিক্রম করে প্রকৌশলীর কক্ষে প্রবেশ করেন এবং ফাঁকা কক্ষ থেকে ল্যাপটপটি চুরি করে নিয়ে যান। ঘটনাটি অফিসের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়ে যায়।

উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম জানান, চুরি হওয়া ল্যাপটপে এলজিইডি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প, বিশেষ করে রাস্তা-ঘাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন অফিস শেষে পিয়ন ভুলবশত কক্ষ তালাবদ্ধ না করায় অভিযুক্ত ব্যক্তি সুযোগ নিয়ে অফিসে প্রবেশ করে ল্যাপটপটি নিয়ে যান। পরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ল্যাপটপ ফেরত দিতে অস্বীকৃতি জানান।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।