কুমিল্লার দেবীদ্বারে বাংলা প্রথম পত্রে ভুল নৈর্ব্যক্তিক প্রশ্ন সরবরাহের অভিযোগ
সংগৃহীত ছবি
এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনা ঘটেছে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ভুল প্রশ্নপত্র পরিবর্তন করা হলেও পরীক্ষার্থীদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয় এবং এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করারও অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হয়।
পরীক্ষার শুরুতেই ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। প্রায় ২০ মিনিট পর বিষয়টি ধরা পড়লে শিক্ষাবোর্ড ও ইউএনওর দায়িত্বরত প্রতিনিধিরা প্রশ্নপত্র পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা করেন।
পরবর্তীতে নির্ধারিত সময় শেষে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের সময় বাড়িয়ে দেওয়া হয়নি। তবে এমন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের অব্যবস্থাপনায় হতবাক হয়ে পড়েন শিক্ষার্থীরা।
ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা বিদ্যালয়ের ১৯ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেন। তারা নবিয়াবাদ, তুলাগাঁও, এলাহাবাদ, রাধানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
অভিভাবকরা অভিযোগ করে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার প্রথম দিনেই এমন গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে মোবাইলে ফোনে জানতে চাইলে কেন্দ্র সচিব ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে ঘটনাটি অস্বীকার করেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।
কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মো. আনিসুর রহমান বলেন, ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি নজরে আসলে তা ৫-৭ মিনিটের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়।
এ বিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বিকেল ৫টায় সাংবাদিকদের বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে তা আমার জানা নাই। বিষয়টি খোঁজ নিয়ে জানাব।