কিশোরগঞ্জে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

 

কিশোরগঞ্জের ভৈরবে একটি ডোবা থেকে ৭ মাস বয়সি এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তানভীর আহম্মেদ মুজাহিদ মানিকদী পূর্বকান্দা গ্রামের মিরাজ মিয়ার ছেলে।

মাদকাসক্ত বারা শিশুটিকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে।

ঘটনার পর থেকে বাবা মিরাজ মিয়া ও শিশুটির দাদি রাবেয়া পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, মিরাজ মিয়া মাদকাসক্ত। প্রায় ৭ দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর তার স্ত্রী তাসলিমা বেগম ৭ মাসের সন্তান তানভীরকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। সেখানে যাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

পরদিন দাদি রাবেয়া বেগম ওষুধ কিনে দেয়ার কথা বলে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন। এরপর শিশুটিকে তার বাবা মিরাজ মিয়া নিয়ে যান। শিশুটিকে বিক্রি করে দিয়েছেন বলে প্রচার করেন তিনি। এ ঘটনায় শিশুটির মা তাসলিমা বেগম ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা একটি ডোবায় শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শিশুটির মা তাসলিমা বেগম অভিযোগ করেন, স্বামীর সঙ্গে ঝগড়ার পর তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যান। পরদিন ওষুধ কেনার কথা বলে শিশুটিকে তার দাদি নিয়ে যায়। এর পর থেকেই সে নিখোঁজ হয়।

পরিকল্পিতভাবে তার সন্তানকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।