নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে রাব্বি (৩২) এবং শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২২)। তারা দুজনই নবীনগর উপজেলা ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নারুই এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাব্বি ও মাহিম মারা যান। দুর্ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা আরও তিনজন আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, নিহত দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।