মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৯ যুদ্ধজাহাজ মোতায়েন
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, বর্তমানে ওই অঞ্চলে দেশটির নৌবাহিনীর মোট ১৯টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। এর মধ্যে রয়েছে দুটি বিমানবাহী রণতরী।
এছাড়া ভারত মহাসাগরেও আরও সাতটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। ফলে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌ শক্তি অনেকটাই বিস্তৃত হয়েছে।
অবরোধ ও অভিযান
মার্কিন সামরিক বাহিনী ১৩ এপ্রিল থেকে এই নৌবহরের বড় অংশ ব্যবহার করে ইরানের বন্দরগুলোর ওপর কার্যত অবরোধ শুরু করে। বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩৩টি জাহাজকে তাদের রুট পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে বলে জানা গেছে।
এ সময়ের মধ্যে মার্কিন বাহিনী অন্তত তিনটি জাহাজে অভিযান চালিয়েছে। এর মধ্যে দুটি অভিযান হয়েছে ভারত মহাসাগরে, পারস্য উপসাগর থেকে প্রায় ২০০০ মাইল দূরে। সর্বশেষ অভিযানটি হয় বুধবার রাতে, যেখানে ইরান থেকে তেল বহনকারী একটি নিষিদ্ধ জাহাজে তল্লাশি চালানো হয় বলে প্রতিরক্ষা দপ্তর জানায়।
কী কী জাহাজ রয়েছে
বর্তমানে মধ্যপ্রাচ্যে থাকা ১৯টি যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে- দুটি বিমানবাহী রণতরী, একাধিক ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ, উপকূলীয় অভিযানের জন্য বিশেষ জাহাজ, সমুদ্র থেকে স্থল অভিযানের জন্য অ্যাম্ফিবিয়াস গ্রুপের জাহাজ। এছাড়া ভারত মহাসাগরে আরও কয়েকটি যুদ্ধজাহাজ অবস্থান করছে, যেগুলো অঞ্চলজুড়ে নজরদারি ও অভিযান পরিচালনায় যুক্ত আছে।
গত কয়েক দিনের ব্যবধানে এই মোতায়েন বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিএনএন