বগুড়ায় এসএসসি পরীক্ষার প্রক্সি দিতে এসে আটক কলেজছাত্রী
প্রতিকি ছবি
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চলতি এসএসসি পরীক্ষায় বগুড়ার এক নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রের পরীক্ষা কক্ষ থেকে কক্ষ পরিদর্শক তাকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক কলেজছাত্রীর নাম ঈশিতা আক্তার তিশা।
তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। নিপা খাতুনের দলীয় পদ নিশ্চিত করেছেন বগুড়া জেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, আটক শিক্ষার্থী চক সুত্রাপুরের নিপা খাতুনের ভাগ্নি।
সেই সূত্র ধরে তিনি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন। কক্ষ পরিদর্শক খাতা স্বাক্ষরের সময় প্রবেশপত্রের ছবি গরমিল দেখে সন্দেহ করেন। পরে ঈশিতা আকতার নিজের নাম প্রকাশ করলে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র প্রধান আনোয়ার হোসেন জানান, ঘটনাটির বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য আমরা থানায় এসেছি।