সাগরদাঁড়ি বেড়াতে যাওয়া যুবককে মারধর, ভিডিও ভাইরাল
প্রতিকি ছবি
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত বাড়িতে বেড়াতে আসা এক পর্যটককে মারধর করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত পহেলা বৈশাখের দুপুরে এ ঘটনা ঘটলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দুপুরে কপোতাক্ষ নদের তীরে গোলঘরে বসেছিলেন এক যুবক ও তরুণী। এ সময় স্থানীয় ভ্যানচালক বনি হোসেন ‘অনৈতিক কাজের’ অভিযোগ তুলে তাদের এলাকা ছাড়তে বলেন। যুবকটি এর প্রতিবাদ করলে বনি তার সহযোগীদের ডেকে আনেন। পরে বাপ্পি রেজা ও সৌরভ কুণ্ডসহ কয়েকজন এসে ওই যুবকের ওপর চড়াও হন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, বাপ্পি রেজা ওই যুবককে নির্বিচারে লাথি ও কিলঘুষি মারছেন। পাশে থাকা তরুণীটি যুবকের প্রাণভিক্ষা চেয়ে অভিযুক্তদের পা জড়িয়ে ধরলেও হামলা অব্যাহত থাকে। এ সময় কপোতাক্ষ নদের পাড়ের ডাকবাংলোর কর্মচারী আবদুস সামাদকে লাঠি হাতে পর্যটকদের ভয় দেখাতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, এলাকার একটি সংঘবদ্ধ চক্র পর্যটকদের নির্জন স্থানে পেলেই হেনস্তা করে এবং পুলিশের ভয় দেখিয়ে টাকা আদায় করে। এ কারণে সাগরদাঁড়ির পর্যটনে নেতিবাচক প্রভাব পড়ছে।
অভিযোগ স্বীকার করে বাপ্পি রেজা বলেন, ‘তাকে মারা আমাদের ভুল হয়েছে।’
স্থানীয় মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরণের ঘটনায় পর্যটকরা মহাকবির স্মৃতিবিজড়িত সাগরদাঁড়িতে আসতে অনুৎসাহিত হবেন।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ভিডিওটি নজরে আসার পর ওই এলাকার চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, ‘ভিডিওটি দেখেছি। কেউ আইন হাতে তুলে নিতে পারেন না। জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’