হাতিয়ায় মজুদকৃত ৩০০০ লিটার ডিজেল জব্দ, আটক এক

হাতিয়ায় মজুদকৃত ৩০০০ লিটার ডিজেল জব্দ, আটক এক

ফাইল ছবি

 

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী অবৈধ মজুদ ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩০০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মা-বাবার দোয়া বরফ কল সংলগ্ন এলাকা থেকে মজুদকরা ১৫টি ব্যারেলে মোট ৩০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অতিরিক্ত মুনাফার লোভে ডিজেল জব্দ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে মো. মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় স্বার্থবিরোধী এ ধরনের অবৈধ জ্বালানি মজুদ বা পাচার কার্যক্রম কঠোরভাবে দমন করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌবাহিনী। এ ধরনের অপরাধ প্রতিরোধে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। ’