অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপিকে দুর্বল করা যাবে না : সড়ক প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি
অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপিকে দুর্বল করা যাবে না বলে জানিয়েছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের কল্যাণে কাজ করে।
শনিবার রাজধানীর মাদারটেকে আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আসলে এটি আমাদের রাজনৈতিক কর্মসূচি না। এটি আমাদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগের একটি অনুষ্ঠান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ ধরনের কাজে আত্মনিয়োগ করতে আমাদের শিখিয়ে গেছেন।
তিনি বলেন, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, যাতে আমরা মানুষের পাশে দাঁড়াই এবং বিশেষ করে সমাজে যারা বঞ্চিত, নিপীড়িত ও অবহেলিত তাদের পাশে থেকে আমরা যাতে তাদের মানসিকভাবে শক্তিশালী করি।
তিনি আরও বলেন, আজকে এখানে যারা এসেছেন, তারা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন। একটি হুইলচেয়ার দেওয়ার মাধ্যমে আমরা তাদের চলাফেরার জন্য আমরা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। যাতে করে তারা নিজেরাই চলাফেরা করতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। মানুষের দুঃখ দুর্দশাকে নিজের করে নিতে হবে এবং তাদের উন্নয়নে কাজ করে তাদের মন জয় করতে হবে।
তিনি বলেন, বিএনপির ৩১ দফার ভিত্তিতে নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এই দেশকে নতুনভাবে গড়ে তুলবো। আমাদের কর্মের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করে আগামীতে বিএনপিকে শক্তিশালী করতে হবে।
তিনি স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, মাদক আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের সাথে যারা জড়িত, তাদের কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।
তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসীদের স্থান বিএনপিতে হবে না। আমরা বারবার বলছি, আমাদের সরকার এই ব্যাপারে প্রতিটি এলাকায় বিভিন্নভাবে টিম রেখেছে। তারা তদন্ত করছে। যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এসবের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা হচ্ছে।
অনুষ্ঠানে অর্ধ শতাধিক শিশু ও প্রতিবন্ধী বয়স্ক লোককে বিনামূল্যে হুইল চেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা। বিএনপি নেতা লিটন মাহমুদ, যুবদল নেতা মাসুদ চৌধুরী, ছাত্রনেতা শেখ মোহাম্মদ আলী চায়না প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই