মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া জাহাজকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া জাহাজকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হওয়ার মাত্র একদিন পরই আরব সাগরে এমভি সেভান নামক একটি তেলবাহী জাহাজকে আটকে দিয়েছে মার্কিন নৌবাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড আজ সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, ট্যাংকারটিকে বাধা দেওয়ার পর পুনরায় ইরানের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান বন্দর অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, গত শনিবার পর্যন্ত মার্কিন নৌবাহিনী মোট ৩৭টি জাহাজকে ইরানের বন্দরে ভিড়তে না দিয়ে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে। এপ্রিলের শুরুতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই অবরোধ শুরু হয়। তবে কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকলেও অবরোধের নিয়ম অমান্য করায় ইতোমধ্যে তিনটি জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী।

গত শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ‘ইকোনমিক ফিউরি’ অভিযানের অংশ হিসেবে ১৯টি জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে এমভি সেভান অন্যতম। গত ফেব্রুয়ারি মাস থেকে ইরানের ওপর সামরিক হামলার পাশাপাশি তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে এই অর্থনৈতিক অভিযান শুরু করেছে ওয়াশিংটন। 

মার্কিন প্রশাসনের অভিযোগ, সেভান নামক এই জাহাজটি ২০২৫ সালে ইরানের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটির প্রোপেন ও বিউটেন গ্যাস পরিবহন করেছিল। বর্তমানে মার্কিন নৌবাহিনী কঠোরভাবে এই অবরোধ তদারকি করছে।

সূত্র: সিএনএন