রাশফোর্ডকে ছাড়তে চাইছে না বার্সেলোনা
ছবি: সংগৃহীত
ক্যাম্প ন্যূতে মার্কাস রাশফোর্ডের সময় শেষ হওয়ার পথে। ঠিক এমন সময়ই উঠেছে গুঞ্জন। আগামী মৌসুমের জন্যও এই ইংলিশ ফরোয়ার্ডকে দলে রাখতে চাইছেন বার্সা কোচ হানসি ফ্লিক। ফলে দ্বিতীয় মেয়াদে ধারে বার্সেলোনাতেই থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকার।
কিছুদিন আগেই বার্সেলোনার একাদশে অনিয়মিত হয়ে পড়েছিলেন রাশফোর্ড। তখনই গুঞ্জন উঠেছিল যে, ওল্ড ট্রাফোর্ডে ফিরতে পারেন তিনি। তবে সম্প্রতি গেটাফের বিপক্ষে জয়ে নিজের করা ১৩তম গোলর করার পর ফ্লিকের মন জয় করেছেন তিনি।
বার্সা কোচ বিশ্বাস করেন, রাশফোর্ডের শারীরিক গঠন এবং খেলার ধরন দীর্ঘ মৌসুমের ট্যাকটিক্যাল রোটেশনে বড় ভূমিকা রাখবে। আর এই ইংলিশ ফুটবল তারকা নিজেও কাতালুনিয়ায় থেকে যাওয়ার বেশ ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
রাশফোর্ডের চুক্তিতে ৩০ মিলিয়ন ইউরোর বাই-অপশন থাকলেও বর্তমান আর্থিক সীমাবদ্ধতার কারণে তা এখনই কার্যকর করতে চাইছে না বার্সা। দলবদলের বিশেষজ্ঞ ফ্লোরিয়ান প্লেটেনবার্গ জানিয়েছেন, বার্সা আপাতত দ্বিতীয় দফায় লোনের জন্য ইউনাইটেডের ওপর চাপ সৃষ্টি করছে। যদি ইউনাইটেড স্থায়ীভাবে বিক্রির জেদ ধরে, তবে বার্সা দাম কমানোর জন্য দর কষাকষি করবে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ১৩টি গোল এবং ১৩টি অ্যাসিস্ট করেছেন রাশফোর্ড। যদিও তিনি সবসময় শুরুর একাদশে সুযোগ পাননি। তবে দলে তার কার্যকারিতা নিয়ে কোচ ফ্লিকের মনে কোনো সন্দেহ নেই।
ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে বড় আর্থিক সংকটে রয়েছে। ফলে তারা রাশফোর্ডকে আবার ধারে না পাঠিয়ে স্থায়ীভাবে বিক্রি করে তহবিল সংগ্রহ করতে বেশি আগ্রহী। তবে ফ্লিক এবং রাশফোর্ডের নিজের ইচ্ছার কারণে আপাতত বল এখন বার্সেলোনার কোর্টেই রয়েছে।